জাতীয়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট: সেপ্টে ১৪, ২০২৬ : ০৫:১৩ এএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। এ জন্য সরকার কার্যকর সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

রোববার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ফারজানা শারমীন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। ফলে ভোটাররা যোগ্য, মেধাবী ও শিক্ষিত প্রার্থীদের মূল্যায়নের সুযোগ পাবেন। নির্বাচনের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে চায় সরকার।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করে তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বর্তমান সরকার জনগণের সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারের বিভিন্ন কার্যক্রমে মানুষের আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে। মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, বিগত সরকারের পরনির্ভরশীল নীতির কারণে গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যা তৈরি হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। বাংলাদেশ যাতে ভবিষ্যতে জ্বালানির জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না থাকে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

ফারজানা শারমীন বলেন, সমস্যা ও সমাধানের মধ্যবর্তী এই সময়ে সাধারণ মানুষকে কষ্ট করতে হচ্ছে। এই দুর্ভোগের জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী বারবার দুঃখ প্রকাশ করেছেন। সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মুহা. শরীফুল হক, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব মো. আসাদুজ্জামান আসাদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিমন্ত্রী পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে পাবনার উদ্দেশে রওনা হন। তিন দিনের সরকারি সফরে তিনি পাবনার পাশাপাশি নাটোরের তিনটি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন। এ ছাড়া লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে। সফরের পরবর্তী ধাপে তিনি সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেবেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!