জাতীয়

দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজুর যাত্রীদের কাছ থেকে ২২৩ কার্টন সিগারেটসহ পণ্য জব্দ

আপডেট: সেপ্টে ১৪, ২০২৬ : ০৬:১৫ এএম
দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজুর যাত্রীদের কাছ থেকে ২২৩ কার্টন সিগারেটসহ পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই, মালয়েশিয়া ও চীনের গুয়াংজু থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ ও ১৪৪টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সন্দেহভাজন যাত্রীদের কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটে আসা যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরে ব্যাগেজের তালিকা তৈরি করে ২২৩ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।

একই দিন মালয়েশিয়া থেকে এয়ারএশিয়ার একে-৭১ ফ্লাইটে আসা যাত্রী শেপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

অন্যদিকে চীনের গুয়াংজু থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি মোবাইল ফোনের ডিসপ্লে এবং একই ফ্লাইটের যাত্রী শামিমা আক্তারের কাছ থেকে আরও ৪৬টি ডিসপ্লে জব্দ করা হয়। দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে এসব পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্য আনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!