রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এক দিনের সফরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।
দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন মির্জা ফখরুল। এরপর বেলা ১টা ২৫ মিনিটে যাবেন হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে।
দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি।
সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!