সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কাজের তদারকি ও সমন্বয়সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। লক্ষ্মীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তাঁর প্রথম সভা।
আবদুল আউয়াল মিন্টু বলেন, সামাজিক অবক্ষয় একদিনে ঘটে না। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে সমাজকে সঠিকভাবে খাপ খাওয়ানোর প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে বাবা-মা, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সব সমস্যা শুধু রাষ্ট্রের ওপর ছেড়ে না দিয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের কল্যাণে তাঁরাও শতভাগ উজাড় করে কাজ করতে প্রস্তুত।
সভায় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ভার্চ্যুয়ালি যুক্ত হন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন এবং বিচারাধীন মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও কমিটির উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!