আগামী দিনে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
আজ বুধবার বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসি ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানে শিক্ষাবান্ধব বর্তমান সরকার মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে আসছে। ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষকস্বল্পতা এখন জাতীয় সমস্যা। তবে বান্দরবানের শিক্ষা খাতের সংকট দূর করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
নিজের অতীতের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে তিনি জুনিয়র হাইস্কুল স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়ে সাচিং প্রু বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।
তিনি তরুণ প্রজন্মকে এলাকার পানীয় জলের সংকট সমাধান ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি উইন মং জলী। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা পরিষদের সদস্য লুসাই মং এবং এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন ছাত্র মোজাম্মেল হক লিটন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!