জাতীয়

খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করতে নতুন কর্মসূচি: পানিসম্পদমন্ত্রী

আপডেট: সেপ্টে ১৯, ২০২৬ : ০৫:২২ এএম
খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করতে নতুন কর্মসূচি: পানিসম্পদমন্ত্রী

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এসব কর্মসূচির মাধ্যমে একটি জাগরণ সৃষ্টি হবে। দলমত–নির্বিশেষে সবাই এসব কাজকে অগ্রাধিকার দিলে গ্রামীণ অর্থনীতি চাঙা করা সম্ভব হবে।

শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি ও বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে পুকুরে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীমাতৃক বাংলাদেশে এসব উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

মন্ত্রী বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর বৃক্ষরোপণ কর্মসূচি এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ রয়েছে। মাছের পোনা অবমুক্তকরণও এসব কর্মসূচির অংশ বলে জানান তিনি।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর সময়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন। তাঁর ভাষায়, সেগুলো ছিল একটি আন্দোলন ও বিপ্লব।

পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। এসব কর্মসূচির সঙ্গে পরিবেশ সংরক্ষণের বিষয়টিও জড়িত। সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, খালটিতে প্রচুর কচুরিপানা ছিল। সেগুলো পরিষ্কার করে পানির প্রবাহ স্বাভাবিক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি ও বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে পুকুরে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!