বাংলাদেশে সফররত চীনা নৌবাহিনীর দুটি জাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার চট্টগ্রাম বন্দরে তাঁরা জাহাজ দুটি পরিদর্শন করেন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা জাহাজ দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম, নিরাপত্তাব্যবস্থা ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরে জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ এবং নৌ-সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে আসে। সফরটি দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে।
সফর শেষে চীনা নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগের সময় বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া ‘প্যাসেক্স’-এ অংশ নেবে। এ ধরনের সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা এবং সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সহযোগিতা আরও বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!