জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মোবাইল, জিরা ও নেশার সিরাপ জব্দ

আপডেট: সেপ্টে ২০, ২০২৬ : ০৫:০২ এএম
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মোবাইল, জিরা ও নেশার সিরাপ জব্দ

সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোন ও যন্ত্রাংশ, জিরা, চিনি, পাতার বিড়ি ও নেশাজাতীয় উইনকেরেক্স কফ সিরাপসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৭ হাজার টাকা।

শনিবার ভোমরা, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা ও সুলতানপুর বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ফলমোড় এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। তলুইগাছা বিওপির দল কামারবাড়ি এলাকা এবং কালিয়ানী বিওপির দল ছয়ঘরিয়া এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স কফ সিরাপ জব্দ করে।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালি এলাকা থেকে ভারতীয় জিরা ও উইনকেরেক্স কফ সিরাপ জব্দ করে। সুলতানপুর বিওপির আভিযানিক দল তালসারি এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দ করা মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তী সময়ে ধ্বংসের জন্য বিজিবির স্টোরে রাখা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!