জাতীয়

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট: সেপ্টে ২০, ২০২৬ : ০৬:৪২ এএম
অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কে এসে অবস্থান নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন লেখা–সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান করছেন। এ সময় তাঁরা অপ্রতিম হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে দুই পাশে যানজট বাড়ছে। তাঁরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

যেভাবে অপ্রতিমের মরদেহ উদ্ধার

গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর অপ্রতিম আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামের একজনকে আটক করে পুলিশ। পরে আনাস নামের আরও একজনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আইফোনটি নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনার বিষয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে জেলা পুলিশ।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বাড়ির পাশের কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!