জাতীয়

দুর্গম পার্বত্য এলাকার যোগাযোগ উন্নয়নে স্থানীয় সরকারের সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী

আপডেট: সেপ্টে ২১, ২০২৬ : ০৫:১৫ এএম
দুর্গম পার্বত্য এলাকার যোগাযোগ উন্নয়নে স্থানীয় সরকারের সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ সহযোগিতা চান। বৈঠকে পার্বত্য চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাচিং প্রু বলেন, দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। পার্বত্য অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগের জন্য তিনি স্থানীয় সরকার বিভাগকে সাধুবাদ জানান।

পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এখনো অনেক এলাকায় রাস্তা কাঁচা ও মাটির তৈরি। বর্ষাকালে এসব সড়কে চলাচলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী। তাঁদের চলাচল সহজ করতে স্থানীয় সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

পার্বত্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. আবদুল মঈন খান বলেন, পাহাড়ি ও সমতল—উভয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

বৈঠকের শুরুতে স্থানীয় সরকার বিভাগে পৌঁছালে পার্বত্যমন্ত্রী সাচিং প্রুকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!