জাতীয়

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

আপডেট: সেপ্টে ২১, ২০২৬ : ০৫:১৭ এএম
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা করেন তাঁরা।

শামা ওবায়েদ আলজেরিয়ার রাষ্ট্রদূতকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখার অনুরোধ জানান। বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য এ সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি।

সার ও জলবায়ু সহযোগিতায় গুরুত্ব

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের খাদ্যনিরাপত্তার কথা উল্লেখ করে সার খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের মধ্যে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও আলজেরিয়া—উভয় দেশই বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছে। তাই জলবায়ু বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

আলজেরিয়ার বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সহযোগিতা বাড়াতে আগ্রহ আলজেরিয়ার

বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!