বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও মানুষের চলাচল সহজ করতে সেতু কর্তৃপক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সোমবার রাজধানীর সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে পরিবর্তিত চাহিদা বিবেচনায় নিয়ে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী উদ্যোগ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সক্ষমতা আরও বাড়াতে হবে।
নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব
শেখ রবিউল আলম বলেন, অবকাঠামো উন্নয়ন শুধু নির্মাণকাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে দক্ষ পরিচালনা, রক্ষণাবেক্ষণ, আধুনিক ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার বিষয়ও জড়িত। তাই উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আধুনিক অবকাঠামোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা প্রয়োজন। এতে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড আরও কার্যকর ও গতিশীল হবে।
সবুজায়নে গুরুত্ব
অনুষ্ঠানের শুরুতে সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ অতিথিরা সেখানে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশকে সবুজ, পরিবেশবান্ধব ও নান্দনিক করা প্রয়োজন। কর্মস্থলে সবুজায়ন কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ ও জ্ঞানবিনিময়ে নতুন অডিটোরিয়াম
পরে নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করেন শেখ রবিউল আলম। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ অডিটোরিয়াম দাপ্তরিক সভা, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ ও মতবিনিময়সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহার করা হবে।
মন্ত্রী বলেন, প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময়ের জন্য উপযুক্ত অবকাঠামো থাকা জরুরি। নতুন অডিটোরিয়ামটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অভ্যন্তরীণ যোগাযোগ, প্রশিক্ষণ ও জ্ঞানবিনিময় কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চলমান উন্নয়ন কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। তিনি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, পরিবেশ সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও আধুনিক ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!