জাতীয়

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

আপডেট: সেপ্টে ২২, ২০২৬ : ০৫:০২ এএম
সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। খসড়া আইন প্রণয়ন করে জাতীয় সংসদে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদ ইতিমধ্যে শরিয়াহভিত্তিক স্কিম চালুর প্রস্তাব অনুমোদন করেছে। এখন স্কিমটির কাঠামো, পরিচালনপদ্ধতি, শরিয়াহসম্মত বিনিয়োগ, তহবিল ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও স্থানীয় পরামর্শকেরা এ কাজে যুক্ত রয়েছেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশনের ইসলামিক বা শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এ স্কিমের আর্থিক স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদি দায় নির্ধারণে অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণও করা হবে।

কীভাবে হবে শরিয়াহভিত্তিক স্কিম

নতুন স্কিমে শরিয়াহসম্মত বিনিয়োগনীতির ভিত্তিতে পেনশন তহবিল পরিচালনার কাঠামো তৈরি করা হবে। তহবিলের অর্থ কোথায় ও কীভাবে বিনিয়োগ করা হবে, পরিচালন ব্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা কী হবে—এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

গত ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নমিনির পেনশন ৮০ বছর পর্যন্ত

সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণকারীদের জন্য আরও কিছু সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কোনো পেনশনার মারা গেলে তাঁর স্বামী বা স্ত্রী কিংবা নির্ধারিত সুবিধাভোগী ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন। আগে এ বয়সসীমা ছিল ৭৫ বছর। পেনশনার নিজে জীবদ্দশায় পেনশন পাবেন।

এ ছাড়া পেনশন নেই—এমন সরকারি মালিকানাধীন কোম্পানির কর্মীদের ‘প্রগতি’ স্কিমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে যাওয়ার আগে কর্মীদের ‘প্রবাস’ স্কিম সম্পর্কে জানানো এবং নিবন্ধনের সুযোগ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

মুনাফার হার বেড়ে ১১ দশমিক ৭২ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন তহবিলের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ এ হারে মুনাফা দেওয়ার অনুমোদন দিয়েছে।

গ্রাহক নিবন্ধন বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রণোদনাও বাড়ানো হয়েছে। আগে একজন নতুন গ্রাহক নিবন্ধনের জন্য ১৫ টাকা দেওয়া হলেও এখন তা ২৫ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।

পেনশনের বয়স ৫৫ করার সিদ্ধান্ত হয়নি

বর্তমানে সর্বজনীন পেনশন পাওয়ার বয়স ৬০ বছর। এ বয়সসীমা কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণ ও আর্থিক বাস্তবতা বিবেচনা করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

সর্বজনীন পেনশন তহবিল থেকে অংশগ্রহণকারীদের ঋণ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তহবিলের বিনিয়োগ থেকে কাঙ্ক্ষিত মুনাফা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারীদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা বিবেচনা করে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

স্বাস্থ্যবিমা যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। কোন মডেলে তা চালু করা যায় এবং এতে পেনশন তহবিলের ওপর কী ধরনের আর্থিক প্রভাব পড়বে, তা বিশ্লেষণ করা হচ্ছে।

চার স্কিমে প্রায় ৩ লাখ ৮০ হাজার গ্রাহক

দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার আওতায় আনতে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয়। বর্তমানে ‘প্রগতি’, ‘সুরক্ষা’, ‘সমতা’ ও ‘প্রবাস’—এই চারটি স্কিম চালু রয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬-এর শুরু পর্যন্ত চারটি স্কিমে মোট নিবন্ধিত গ্রাহকের সংখ্যা প্রায় ৩ লাখ ৮০ হাজার। তাঁদের জমা করা মোট অর্থের পরিমাণ প্রায় ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।

এর মধ্যে ‘সমতা’ স্কিমে নিবন্ধিত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২২৪ জন। তাঁদের জমা করা অর্থের পরিমাণ ৫৬ কোটি ৮৫ লাখ টাকা। আর ‘প্রবাস’ স্কিমে নিবন্ধিত হয়েছেন ১ হাজার ১৭১ জন। এ স্কিমে জমা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা।

শরিয়াহভিত্তিক স্কিম চালু হলে বিদ্যমান চারটি স্কিমের পাশাপাশি নতুন একটি কাঠামো যুক্ত হবে। তবে আইন প্রণয়ন, সংসদীয় প্রক্রিয়া, বিনিয়োগনীতি নির্ধারণ এবং প্রয়োজনীয় অ্যাকচুয়ারিয়াল ও কারিগরি বিশ্লেষণ শেষ হওয়ার পরই এর বাস্তবায়নের পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!