জাতীয়

দূরপাল্লার বাসে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

আপডেট: সেপ্টে ২২, ২০২৬ : ০৫:২১ এএম
দূরপাল্লার বাসে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।

আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি প্রেস বার্তায় এসব প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রেস বার্তায় বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হতে পারে। তবে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিধিত্ব না রেখে বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো দফায় দফায় বৈঠক করছে।

ভাড়া নির্ধারণে স্বচ্ছতার দাবি

যাত্রী কল্যাণ সমিতির দাবি, জনস্বার্থে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার পরিবর্তে বিষয়টি গোপন রাখা হচ্ছে। পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয় সমন্বয়ে কত পয়সা ভাড়া বাড়ানো প্রয়োজন—এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে সংগঠনটি অভিযোগ করেছে।

সংগঠনটির ভাষ্য, আগের সরকারের সময় থেকেই জ্বালানি তেলের দাম বাড়ার সুবিধা বাস ও লঞ্চ মালিকদের একচেটিয়াভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতি আরও বলেছে, দেশের বৃহত্তর অংশীজন যাত্রীদের প্রতিনিধিদের ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় মতামত নেওয়া হয় না। এতে ভাড়া নির্ধারণের পর বারবার সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ পড়ে।

ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিধিদের যুক্ত করে পরিচালন ব্যয়, জ্বালানি ব্যয় ও অন্যান্য খরচের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!