জাতীয়

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে: স্পিকার

আপডেট: সেপ্টে ২৭, ২০২৬ : ০৫:৪২ এএম ১৭ ০
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে: স্পিকার

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ১৯৭১-পরবর্তী সময়ে রাজনীতি ক্রীড়াঙ্গনে প্রবেশ করায় খেলাধুলার মান কমতে থাকে। এর ফলে ঢাকার মাঠে ক্লাব ফুটবলের অংশগ্রহণও কমে যায়।

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে নিজের আবেগ ও ভালোবাসার সম্পর্কের কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মোহামেডান তাঁর কাছে নিখাদ আবেগ ও ভালোবাসার আরেক নাম।

তিনি বলেন, সময়ের সঙ্গে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ অনেকাংশে কমে গেছে। অথচ ১৯৬৭ সালে তিনি যখন মোহামেডান ক্লাবে খেলতেন, তখন ফুটবলের প্রতি সাধারণ মানুষের আবেগ ছিল অন্য রকম।

মোহামেডানে খেলা ছিল সম্মানের

নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণা করে স্পিকার বলেন, মোহামেডানে খেলা ছিল অনেক সম্মানের। স্বাধীনতার আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল খুবই জনপ্রিয়।

তিনি বলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবে বাঙালি খেলোয়াড় থাকায় ক্লাবটির সমর্থকও বেশি ছিল। ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলে খেলার জন্য পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে বাঙালি খেলোয়াড়দের প্রতিযোগিতা করতে হতো।

তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বও তুলে ধরেন স্পিকার। তাঁর মতে, খেলাধুলাকে তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখার মাধ্যম হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও যারা ছিলেন

অনুষ্ঠানের শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতীত সাফল্য ও স্পিকারের খেলোয়াড়ি জীবনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় স্পিকারসহ অতিথিদের ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিয়ে দেওয়া এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ এম রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও সমর্থক দলের উপদেষ্টা কমিটির সদস্যসচিব খাইরুল কবীর খোকন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুল।

অনুষ্ঠানে ক্লাবের আমন্ত্রিত সদস্য, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, সংসদ সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!