জাতীয়

তৃণমূলের নারী উদ্যোক্তাদের কণ্ঠ জাতীয় পর্যায়ে আনতে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’

আপডেট: অক্টো ০৩, ২০২৬ : ১১:৪৪ এএম ১০ ০
তৃণমূলের নারী উদ্যোক্তাদের কণ্ঠ জাতীয় পর্যায়ে আনতে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’
ছবি: সংগৃহীত

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘ইয়ুথ ইকোয়ালিটি অ্যাওয়ার্ড ২০২৬’ জয়ী উদ্যোগ ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ (ভি-টু-ভি ব্রিজ)–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপসি.। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১২ এপ্রিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রথম আলোর উদ্যোগে বাংলাদেশ সামরিক জাদুঘরে অনুষ্ঠিত ‘ইয়ুথ কনক্লেভ ২০২৬’–এ এ পুরস্কার দেওয়া হয়। ৬৪ জেলার ১০২টি সংগঠনের মধ্য থেকে ছয়টি সংগঠন নির্বাচিত হয়, যার একটি ক্যাপসি.।

উদ্যোগটির মূল লক্ষ্য তৃণমূলের প্রান্তিক নারী উদ্যোক্তাদের কণ্ঠ জাতীয় পর্যায়ে তুলে আনা। এ জন্য ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের উদীয়মান ক্রিয়েটর ইকোনমির ভবিষ্যৎ কনটেন্ট নির্মাতা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা উদ্যোক্তাদের সাক্ষাৎকার নিয়ে পডকাস্ট ও রিল তৈরি করে। উদ্যোক্তাদের দৃশ্যমান করে বিনিয়োগযোগ্য করে তোলাই এর উদ্দেশ্য, যাতে তাঁরা বেসরকারি পুঁজির সহায়তায় ব্যবসা বড় করতে পারেন।

প্রথম পর্ব বাস্তবায়িত হয়েছে জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা সাতক্ষীরায়। এ পর্বে কিশোর-কিশোরীরা সাত নারী উদ্যোক্তার গল্প নিয়ে সাতটি পডকাস্ট তৈরি করেছে। বাল্যবিবাহের শিকার এই নারীরা এখন সফল উদ্যোক্তা। তাঁদের কেউ নিরাপদ ফল ও সবজি বিক্রি করেন, কেউ মনোহারি দোকান চালান, কেউ স্যানিটারি পণ্যের ব্যবসা করেন।

প্রথম পর্বের সমাপনী উপলক্ষে সাতক্ষীরার রয়েল প্লাস কনভেনশন হলে কমিউনিটি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি মো. আবুল কালাম, দৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সিদ্দিকী’স গ্রিন টেকনোলজির প্রতিষ্ঠাতা মোস্তাক আহমেদ সিদ্দিকী ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) শামীমুল আরেফিন সুমন।

প্রথম পর্বেই উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। কোডেক উদ্যোক্তাদের নিজেদের কর্মসূচিতে যুক্ত করার প্রস্তাব দিয়েছে। কিশোর-কিশোরীদের তৈরি কনটেন্ট আরও মানুষের কাছে পৌঁছে দিতে কনটেন্ট প্ল্যাটফর্ম স্পাইক স্টোরির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ক্যাপসি.।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!