কালীগঙ্গা নদীর নৌকাবাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, মানিকগঞ্জের মানুষ সংস্কৃতিমনা। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নৌকাবাইচ প্রাণবন্ত হয়ে উঠেছে।
আজ শনিবার মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।
আফরোজা খানম বলেন, এই ঐতিহ্য ধরে রেখে প্রতিবছর কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ আয়োজন করা হবে। সবাই মিলে এ আয়োজন উপভোগ করবে—এটাই তাঁদের প্রত্যাশা।
অংশ নেয় ২৪টি দল
বেউথা কালীগঙ্গা নদীর কান্দাপৌলী এলাকা থেকে নয়াকান্দি মোড় পর্যন্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম, পাবনা, দোহার, নবাবগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২৪টি দল অংশ নেয়।
নৌকাবাইচকে ঘিরে কালীগঙ্গার দুই তীরে ছিল মানুষের ব্যাপক সমাগম। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন। অনেকে নৌকায় করেও নদীতে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।
নৌকাবাইচ উপলক্ষে নদীর দুই তীরে বসে অস্থায়ী দোকানপাট ও খাবারের স্টল। পাশাপাশি নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়। সব মিলিয়ে পুরো এলাকা রূপ নেয় বড় এক লোকজ মেলায়।
স্পিডবোটে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
নৌকাবাইচ উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী স্পিডবোটে করে নদীর দুই তীরে থাকা দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় নেতারা।
মানিকগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। এ ছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!