শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, বিনা মূল্যে বই ও পোশাক দেওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর কারিগরি শিক্ষায় আরও গুরুত্ব দেওয়া হবে।
শনিবার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদে শিক্ষার মানোন্নয়ন নিয়ে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
‘আগের চেয়ে বিদ্যালয়ের পরিবেশ বদলেছে’ নিজের সময়ের প্রাথমিক শিক্ষার পরিবেশের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে আসাদুল হাবিব দুলু বলেন, আগে অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত চেয়ার-টেবিল, বেঞ্চ ও প্রয়োজনীয় অবকাঠামো ছিল না। এখন বিদ্যালয়ের পরিবেশ ও সুযোগ-সুবিধায় অনেক পরিবর্তন এসেছে।
শিশুদের বেড়ে ওঠায় পরিবারের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মায়েরা স্নেহ ও ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে তোলেন। শিশুদের দেখাশোনা করা, কুসঙ্গ থেকে দূরে রাখা এবং পড়াশোনায় মনোযোগী করার ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে গুরুত্ব বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্ব দেন ত্রাণমন্ত্রী। একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে পাঁচ-ছয়জন শিক্ষক থাকলেও শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ১৩ জন।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবক—উভয় পক্ষকেই দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
কারিগরি শিক্ষায় আরও গুরুত্ব আগামী বছর কারিগরি শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করা হবে। এতে পড়াশোনার পাশাপাশি তারা কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে।
মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!