জাতীয়

জরুরি অবতরণের পর বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী

আপডেট: অক্টো ১১, ২০২৬ : ০৫:৫৭ এএম ৬ ০
জরুরি অবতরণের পর বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ৮২ জন আরোহী নিয়ে জরুরি অবতরণের পর পরিস্থিতি পর্যবেক্ষণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টা ৯ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি-৪৩৬ ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটির সামনের ল্যান্ডিং গিয়ারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজটি ৭৮ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ঢাকায় অবতরণের নির্ধারিত সময় ছিল বেলা ২টা ৩০ মিনিট।

উড়োজাহাজটির দুই নম্বর হাইড্রোলিক ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় স্বাভাবিক পদ্ধতিতে সামনের ল্যান্ডিং গিয়ার নামানো সম্ভব হচ্ছিল না। এ কারণে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন।

প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বেলা ২টা ২০ মিনিটে পাইলট এরিয়া কন্ট্রোলকে জরুরি পরিস্থিতির কথা জানান। এরপর এরিয়া কন্ট্রোল দ্রুত বিষয়টি ঢাকা টাওয়ারকে জানায়।

পরিস্থিতি মোকাবিলায় ঢাকা টাওয়ার জরুরি সাড়াদান কার্যক্রম শুরু করে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। পাশাপাশি উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হয়।

পরে পাইলট বিকল্প পদ্ধতিতে উড়োজাহাজটির সামনের ল্যান্ডিং গিয়ার নামাতে সক্ষম হন। এরপর বেলা ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। এতে থাকা ৭৮ জন যাত্রী ও চারজন ক্রু সবাই নিরাপদ ছিলেন।

ঘটনার পর বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জ্যেষ্ঠ বিমান চলাচল কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিমানবন্দরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বিমানবন্দরের সংশ্লিষ্ট সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!