জাতীয়

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে: বিমানমন্ত্রী

আপডেট: অক্টো ১২, ২০২৬ : ০৫:৪৯ এএম ৫ ০
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে: বিমানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। এ জন্য দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) ময়মনসিংহ নগরীর সারিন্দা সাবাড়ি রিসোর্টে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘সৃজনের আনন্দে’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশদ ময়মনসিংহ সিটি করপোরেশন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতের উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে ঢাকার কাছে ত্রিশালে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতের চাহিদা পূরণ এবং পুরোনো উড়োজাহাজ প্রতিস্থাপনের জন্য ৩৫টি উড়োজাহাজ কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সমালোচনার জবাবে মিল্লাত বলেন, উড়োজাহাজ সরবরাহ শুরু হবে ২০৩১ সাল থেকে। ধাপে ধাপে এ সরবরাহ চলবে ২০৩৬-৩৭ সাল পর্যন্ত। তত দিনে বিদ্যমান বহরের অধিকাংশ উড়োজাহাজের কার্যকর পরিচালন মেয়াদ শেষ হয়ে আসবে। বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউইয়র্ক, সিডনি, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

বিরিশিরিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেন, নেত্রকোনার বিরিশিরিকে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার উপযোগী বড় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হবে।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কাজ করবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ব্যক্তিগতভাবে তুলে ধরবেন।

তিনি বলেন, ময়মনসিংহকে অবহেলিত বিভাগ হিসেবে দেখতে চান না। সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে কাজ করতে চান।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ ইতিমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, তাদের বর্তমান অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন এবং দেশের উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে সমৃদ্ধ করবে।

তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ থাকা, মাদক থেকে দূরে থাকা, খেলাধুলায় অংশ নেওয়া এবং নিজেদের লক্ষ্য অর্জনের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শিক্ষার উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সহায়তায় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, উৎসবের পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, দেশ সবার।’ উৎসবকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের সঠিক পথ বেছে নেওয়া এবং নিজেদের মেধা দেশের সেবায় কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এতে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের অন্যান্য ব্যবস্থা থাকবে। দেশের ৬৪টি জেলাতেই এ ধরনের কমপ্লেক্স গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!