জাতীয়

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

আপডেট: অক্টো ১৬, ২০২৬ : ০৫:২৭ এএম ৫ ০
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

দেশের সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী নম্বরপ্লেট সংযোজন করে তা প্রদর্শন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নম্বরপ্লেটের মাপ ও শর্ত

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট লাগাতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। এতে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা করা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব নম্বরপ্লেটেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নির্দেশনা না মানলে ব্যবস্থা

বিজ্ঞপ্তিতে নিবন্ধন নম্বর সামনে প্রদর্শনের নির্দেশনার পাশাপাশি নম্বরের একটি অনুলিপি ব্যবহারের উদাহরণও দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বর উল্লেখ করেছে বিআরটিএ।

সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত শর্ত মেনে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। এ সময়সীমার মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!