জাতীয়

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, শুরু দুর্গোৎসব

আপডেট: অক্টো ১৬, ২০২৬ : ০৫:৩৫ এএম ৫ ০
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, শুরু দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। আজ মহাষষ্ঠী। দেবীর বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গোৎসব। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব।

প্রচলিত রীতি অনুযায়ী, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদ্‌যাপিত হয়। তবে এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় উৎসবের সময়কাল এক দিন বেড়েছে। পূজার সূচি অনুযায়ী, আগামী শনিবার মহাসপ্তমী, রোববার অতিরিক্ত তিথিতে মহাসপ্তমীর পূজা, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী পালিত হবে। বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা প্রতিবছর শরৎকালে মর্ত্যে বাপের বাড়িতে বেড়াতে আসেন। পুরাণের বর্ণনা অনুসারে, অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গচ্যুত হলে অশুভ শক্তিকে বিনাশ করতে দেবতাদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।

এ বছর দেবী দুর্গার আগমন ঘোটকে বা ঘোড়ায় এবং গমন নৌকায়। প্রচলিত ধর্মীয় বিশ্বাসে দেবীর আগমন ও গমনের বাহনকে ঘিরে বিভিন্ন প্রতীকী ব্যাখ্যা রয়েছে।

সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি।

তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা গত বছরের তুলনায় তিনটি কমেছে। এবার রাজধানীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে আগামী কয়েক দিন চলবে পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আয়োজন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!