জাতীয়

ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

আপডেট: অক্টো ১৮, ২০২৬ : ০৬:০৭ এএম ৫ ০
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১০ হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত রিসোর্টটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সেখানে উদ্ধার অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সকাল আটটার দিকে ইউনিট দুটি সেখানে পৌঁছায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অনুমোদন ও ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না

এদিকে ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বলেন, ইনানীর পাটুয়ারটেক সৈকতে অবস্থিত কাঠের তৈরি টুপটুপ রিসোর্টটি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্সও ছিল না।

মহাপরিচালক বলেন, গত জুনে পরিদর্শনের পর রিসোর্টটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস। এরপরও রিসোর্টটির কার্যক্রম অবৈধভাবে চালু রাখা হয়েছিল।

অগ্নিকাণ্ডের কারণ এবং এ ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!