জাতীয়

পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, রংপুরের পথে যাত্রা

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:০৪ এএম ৪ ০
পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, রংপুরের পথে যাত্রা

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে তিন বিভাগ সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

প্রেস সচিব জানান, মহানবমী উপলক্ষে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তিন মহানগরে কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফিরবেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, ‘এই সরকারের নীতি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এবার পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানো হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি।

দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর বেলা ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেবেন তিনি। বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। রাত ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। ওই সময় তাঁর সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন।

মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!