জাতীয়

সৌদি আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:১৫ এএম ৩ ০
সৌদি আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা

নথি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। নথি হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানাতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে পারব।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই বাংলাদেশির একজন পুরুষ ও অন্যজন নারী। তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার আগে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই না করে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দিয়েছেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সৌদি আরবের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এখন সৌদি কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা।

তিনি আরও জানান, সৌদি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে দেশটির কারাগারে বন্দী বাংলাদেশিদের নাম, পরিচয়সহ বিস্তারিত তথ্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মিশনগুলোতে পাঠায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তির নাম সেই তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

পরিবারের সঙ্গে যোগাযোগের তথ্য নেই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সরকার যোগাযোগ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে এখনো বিস্তারিত তথ্য নেই। পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘অনুগ্রহ করে ধৈর্য ধরুন এবং আমাদের রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আমরা বিষয়টি আরও স্পষ্টভাবে জানাতে পারব।’

সৌদি কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে ‘খুবই ইতিবাচক’ উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। দেশটি বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম বড় উৎসও।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা যেন নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!