শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে সকাল ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দলের ও সরকারের ঊর্ধ্বতন নেতারা।
সফরসূচি অনুযায়ী, রংপুরে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন। সেখানে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর বিকেলে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!