শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি চলবে আগামী শনিবার পর্যন্ত। আগামী রোববার, ২৫ অক্টোবর থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময়ে গ্রাহকদের জন্য এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবা চালু থাকবে।
আমদানি-রপ্তানির জন্য সীমিত ব্যাংকিং সেবা
পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
শেয়ারবাজারেও লেনদেন বন্ধ
ব্যাংক বন্ধ থাকায় দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময়ে লেনদেন বন্ধ থাকবে।
এর আগে দুর্গাপূজার ছুটির সমন্বয়ে গত শনিবার, ১৭ অক্টোবর, সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!