জাতীয়

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে অডি

আপডেট: অক্টো ২৬, ২০২৬ : ০৫:২৮ এএম ১ ০
যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে অডি

যুক্তরাষ্ট্রে নিজেদের প্রথম গাড়ি কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি। নতুন এ কারখানায় প্রায় ৪ হাজার ৫০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শনিবার এ বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ১০ দিন আগে শনিবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যে অডির বিনিয়োগের বিষয়টি তুলে ধরেন।

ট্রাম্প বলেন, জর্জিয়া অঙ্গরাজ্যের ম্যাকন শহরের কাছে ৪২০ কোটি ডলার বিনিয়োগে সম্মত হয়েছে অডি। আগামী মাসে সেখানে বড় একটি কারখানা নির্মাণের কাজ শুরু হবে এবং কারখানাটিতে বছরে ২ লাখ গাড়ি উৎপাদন করা হবে।

তবে অডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানাটির নির্মাণকাজ আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে। ২০৩০-এর দশকের শুরুর দিকে সেখানে উৎপাদন শুরু হতে পারে।

অডি জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। পাশাপাশি ইউরোপ ও চীনের পর উত্তর আমেরিকাকে প্রতিষ্ঠানটির বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্কের তৃতীয় প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করাও এ পরিকল্পনার লক্ষ্য।

চাপে ভক্সওয়াগেন গ্রুপ

অডি জার্মানির ভক্সওয়াগেন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, চীনা গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতা এবং ইউরোপের বাজারে চাহিদার অনিশ্চয়তার কারণে ভক্সওয়াগেন গ্রুপ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

গত সেপ্টেম্বরে ১০টি ব্র্যান্ড নিয়ে গঠিত ভক্সওয়াগেন গ্রুপ ২০৩০ সালের মধ্যে সর্বোচ্চ ১ লাখ কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছায়। এর ফলে পুরো গ্রুপে প্রত্যাশিত চাকরি কমানোর সংখ্যা বেড়ে ৫০ হাজারে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বৈশ্বিক গাড়িশিল্পে এই ছাঁটাইকে এখন পর্যন্ত অন্যতম বৃহৎ পুনর্গঠন কার্যক্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নির্বাচনের আগে বিনিয়োগের ঘোষণা

ট্রাম্প তাঁর কঠোর বাণিজ্যনীতির সাফল্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদন খাতে ‘জোরালো প্রত্যাবর্তন’ ঘটেছে বলে দাবি করেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে তিনি নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন দেশ ও পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। এর আওতায় গাড়িও রয়েছে।

শুল্কনীতির প্রতিক্রিয়ায় জেনারেল মোটরস, টয়োটা ও ফোর্ডসহ বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্প্রসারণ অথবা বিদেশ থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে।

তবে ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে অসন্তোষ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে যেতে পারে বলে দলটির নেতারা আশা করছেন। জনমত জরিপে প্রতিকূল পরিস্থিতি এবং রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে নির্বাচনের আগে প্রচারণায় জোর দিচ্ছেন ট্রাম্প।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!