জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: অক্টো ২৯, ২০২৬ : ০৩:৩৩ এএম ৩ ০
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ ব্যবস্থা কী প্রক্রিয়ায় গঠন করা হবে, এর কর্মপরিধি কী হবে এবং কত দিনের মধ্যে গঠন করতে হবে, তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, এর কর্মপরিধি ও গঠনের সময়সীমা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কোন সার্চ বডি বা নির্বাচন কমিটির মাধ্যমে এ সরকার গঠন করা হলে বিতর্কের অবকাশ থাকবে না, তা-ও পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিল উত্থাপনের পর বিতর্কের সময়ও বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব আসতে পারে।

এর আগে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়।

বিভিন্ন পক্ষের প্রস্তাব পর্যালোচনা করছে কমিটি

বিশেষ কমিটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছায়নি বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি, শিক্ষক সমাজের প্রতিনিধি ও সম্পাদকমণ্ডলীর কাছ থেকে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ পাওয়া গেছে। এ ছাড়া কমিটির সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরাও নানা ধরনের মতামত দিয়েছেন।

এসব প্রস্তাব একত্র করে কমিটির বৈঠকে আলোচনা করা হবে বলে জানান তিনি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্ধারণের বিষয়ে পাওয়া প্রস্তাব এবং এ নিয়ে কমিটির চিন্তাভাবনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তাব একত্র করে পরবর্তী সময়ে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!