জাতীয়

ইনানীতে নলকূপ খননকালে গ্যাস উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে লাগতে পারে ১৫ দিন

আপডেট: নভে ০২, ২০২৬ : ০৫:৩৬ এএম ৫ ০
ইনানীতে নলকূপ খননকালে গ্যাস উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে লাগতে পারে ১৫ দিন

কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণের পর আগুন ধরে গেছে। আগুনের প্রবাহ নিয়ন্ত্রণে আনতে আনুমানিক ১৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুইজন ভূতত্ত্ববিদকে পাঠানো হয়েছে। তাঁরা বর্তমানে কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

রোববার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে আপাতত গ্যাসকে উন্মুক্তভাবে নির্গমনের সুযোগ দেওয়া হচ্ছে। এতে আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অগ্নিনির্বাপণ এবং গ্যাসের প্রবাহ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন যৌথভাবে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এদিকে, ঘটনাস্থলের আশপাশে গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্কতা মেনে চলার এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!