পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে নবীন কর্মকর্তাদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও পেশাদারত্ব বজায় রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের পুলিশ ও আনসার ক্যাডারে যোগ দেওয়া নবীন কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে সেই রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা কোনোভাবেই যেন তাঁদের কর্মজীবনে প্রতিফলিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কার্যক্রমের ওপর নির্ভর করে।
কর্মজীবনে শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলার নির্দেশ দিয়ে তিনি বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা পালন করতে হবে।
পুলিশ ও আনসার ক্যাডারের দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় পুলিশ ও আনসার সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সময় মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উল্লেখ্য, আজ ১ নভেম্বর সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৪৫তম বিসিএসের পুলিশ ক্যাডারে ৬৫ জন এবং আনসার ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!