ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার সকালে শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এগিয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে চলাচলকারী যানবাহন ও আশপাশের দোকানপাটে ভাঙচুর চালানো হয়।
শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণঘাটিসহ আশপাশের শিল্পাঞ্চলে অচলাবস্থা তৈরি হয়েছে। এসব এলাকার বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ পুনরায় বন্ধ ঘোষণা করেছে।
বিক্ষোভ ও ভাঙচুরের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আশপাশের আবাসিক এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন।
ওসি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!