সার বিতরণ ও ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষক হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে সার ব্যবস্থাপনায় কোনো কর্মকর্তা অনিয়মে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ নিয়ে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। দেশের সব জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকেরা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।
সভায় সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের লাইসেন্স দেওয়ার পাশাপাশি তাঁদের ডিলারশিপের এলাকা নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে জমির পরিমাণ, কৃষকের সংখ্যা ও ফসলের নিবিড়তা বিবেচনায় নিতে হবে। নিয়ম লঙ্ঘনকারী ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি ডিলারের দোকানে সারের মূল্যতালিকা ও মজুতের তথ্য দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত দাম আদায়, মজুতদারি এবং সীমান্ত দিয়ে সার পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
প্রকৃত কৃষকের কাছে ন্যায্যভাবে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের নির্দেশনাও দেন তিনি।
সার পাচার রোধে নজরদারির নির্দেশ
আসন্ন রবি মৌসুমে সারের বরাদ্দ ও সরবরাহ বাড়ানো হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, চাহিদা বাড়লে তা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। তবে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে সার পাচার রোধে কঠোর নজরদারি রাখতে হবে। প্রতিবেশী দেশগুলোর কিছু এলাকায় নন-ইউরিয়া সারের চাহিদা ও দাম বেশি থাকায় এসব সার পাচারের আশঙ্কা রয়েছে। কোনো অবস্থাতেই দেশের সার দেশের বাইরে যেতে দেওয়া যাবে না।
মন্ত্রী বলেন, সরকার সারে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়। এই ভর্তুকির সুফল যাতে প্রকৃত কৃষকেরা পান, তা নিশ্চিত করতে হবে। কোনো জেলায় সার নিয়ে অনিয়ম হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের জবাবদিহি করতে হবে।
ইউরিয়ার অপব্যবহার বন্ধের নির্দেশ
ইউরিয়া সার শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহারের বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন কৃষিমন্ত্রী। বিশেষ করে বস্ত্র ও ডাইং কারখানায় ইউরিয়া ব্যবহারের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।
এ জন্য জেলা পর্যায়ের সার মনিটরিং কমিটিকে নিয়মিত সভা করে সার ব্যবস্থাপনার পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেন মন্ত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!