ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। আগামী ডিসেম্বরে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগেই এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে চায় সরকার। তবে আলোচনায় দেশের পানির ন্যায্য হিস্যা এবং দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেন।
শামা ওবায়েদ বলেন, ‘আমরা বিশ্বাস করি এবং আশাবাদী, চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়ন হবে। ভারতও এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদী।’
প্রতিমন্ত্রী জানান, গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছেন। পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থ উপদেষ্টা এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। কমিটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও রয়েছেন।
ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির জন্য আনুষ্ঠানিক আলোচনাও হবে। এ আলোচনায় ইতিবাচক ফল আসবে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে পানি বণ্টনে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নতুন চুক্তি, নাকি সংশোধন
বিদ্যমান চুক্তি সরাসরি নবায়ন করা হবে, নাকি সংশোধিত শর্ত যুক্ত করে নতুন চুক্তি করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গঠিত কমিটির পর্যালোচনার ভিত্তিতে সরকার আলোচনার অবস্থান নির্ধারণ করবে।
তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য দাবি এবং দেশের মানুষের বর্তমান ও ভবিষ্যৎ পানির চাহিদাকে ভিত্তি করেই আলোচনা এগিয়ে নেওয়া হবে। জাতীয় স্বার্থ ও পানিসংকট সমাধানে সহায়ক হয়, এমন সিদ্ধান্তই নেবে সরকার।
উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!