শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। এ সময় প্রবাসী কর্মীদের বিষয়, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তাঁরা। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থায় যৌথ পরিদর্শন ও নজরদারির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।
বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়। এ ছাড়া আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থনের আশ্বাস দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!