জাতীয়

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল কোমো, প্রতিপক্ষের মাঠে ৯ গোল

আপডেট: নভে ০৫, ২০২৬ : ০৬:২৪ এএম ৩ ০
চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল কোমো, প্রতিপক্ষের মাঠে ৯ গোল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ইতালির ক্লাব কোমো। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে প্রথম দল হিসেবে এক ম্যাচে ৯ গোল করেছে তারা। ফরাসি ক্লাব লঁসের মাঠে স্বাগতিকদের ৯-১ গোলে বিধ্বস্ত করেছে সেস ফাব্রেগাসের দল।

চ্যাম্পিয়ন্স লিগে এবারই অভিষেক হয়েছে কোমোর। প্রথম মৌসুমেই দারুণ ছন্দে রয়েছে দলটি। চার ম্যাচের মধ্যে এটি তাদের তৃতীয় জয়। এই জয়ে লিগ পর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ইতালিয়ান ক্লাবটি।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল বায়ার্ন মিউনিখের। ২০২০ সালে নিরপেক্ষ ভেন্যু লিসবনে বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়েছিল জার্মান ক্লাবটি। এবার লঁসের মাঠে ৯ গোল করে সেই রেকর্ড ছাড়িয়ে গেল কোমো।

জয়ের ব্যবধানের দিক থেকেও কোমোর এই জয় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বড়। এর আগে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে যথাক্রমে বেসিকতাস ও মালমোকে ৮-০ গোলে হারিয়েছিল।

দুভিকাসের হ্যাটট্রিক, গোল পেয়েছেন ১৮ বছরের পাপাচ্চিওলিও

লঁসের বিপক্ষে কোমোর বড় জয়ে হ্যাটট্রিক করেছেন তাসোস দুভিকাস। চ্যাম্পিয়ন্স লিগে দলের চারটি ম্যাচেই গোল করেছেন এই ফরোয়ার্ড। ছয় গোল নিয়ে এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে রয়েছেন তিনি।

গোল পেয়েছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাজও। তবে গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে যোগ দেননি তিনি। বরং তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের ছবি সংবলিত একটি টি-শার্ট তুলে ধরেন। প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে মাঠে সংঘর্ষের পর মারা গিয়েছিলেন দে মিগেল। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তেনেরিফের যুব দলে খেলেছিলেন পাজ।

কোমোর হয়ে একটি করে গোল করেছেন লুকাস দা কুনহা, মার্ক-অলিভার কেম্পফ, মাত্তিয়া লিবেরালি, মার্তিনা বাতুরিনা ও মাত্তেও পাপাচ্চিওলি।

বিশেষভাবে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী পাপাচ্চিওলি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা এই ফুটবলার কোমোর যুব দলের সদস্য। এখনো ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’-তে খেলার অভিজ্ঞতা হয়নি তাঁর। অথচ চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে গোল করে আলোচনায় এসেছেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!