সামাজিক বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটানো যাবে না। কোনো বিশৃঙ্খলাকারীকে বিনা চ্যালেঞ্জে যেতে দেওয়া হবে না।
সামাজিক অবক্ষয় থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষায় পরিবারের অভিভাবকসহ সমাজের সব স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে সন্তানরা যেন মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি আরও বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও খেলাধুলায় সম্পৃক্ত রাখতে হবে। একই সঙ্গে সামাজিক পরিস্থিতির ওপর নজর রাখতে হবে, যাতে কেউ অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এ ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসুস্থ নারী-পুরুষ এবং গৃহহীন ব্যক্তিদের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
এ ছাড়া ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, পক্ষাঘাত, হৃদ্রোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীদের প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী।
এ সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজাসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!