জাতীয়

আজকের শিশুরাই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে: জহির উদ্দিন স্বপন

আপডেট: নভে ০৬, ২০২৬ : ০৫:২২ এএম ৭ ০
আজকের শিশুরাই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে: জহির উদ্দিন স্বপন

আজকের শিশুরাই একসময় পরিণত মানুষ হয়ে ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, শিশু-কিশোরদের আগামীর নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে এখন থেকেই তাদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ চিন্তা, মূল্যবোধ ও মানবিকতার চর্চা জরুরি।

তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন একটি জাতির সার্বিক অগ্রগতির জন্য যথেষ্ট নয়। উন্নত জাতি গঠনে শিশু-কিশোরদের জন্য সুস্থ সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার পর্যাপ্ত সুযোগ তৈরি করতে হবে।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনসহ সমাজের সবার। খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হলে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে।

এ সময় শিক্ষক, অভিভাবক এবং রাজনৈতিক ও সামাজিক নেতাদের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের সুস্থ বিকাশে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিখ হাসান রাসেল, গৌরনদী স্কাউট সম্পাদক মো. নুরুল আলম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!