জাতীয়

কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী খাত গড়তে চায় সরকার: কৃষিমন্ত্রী

আপডেট: নভে ০৬, ২০২৬ : ০৫:২৬ এএম ৭ ০
কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী খাত গড়তে চায় সরকার: কৃষিমন্ত্রী

কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ বৃহস্পতিবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কৃষি উৎপাদন এলাকা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শনকালে কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে যেসব কৃষিপণ্য আমদানি করতে হয়, সেগুলোর উৎপাদন বাড়িয়ে পর্যায়ক্রমে আমদানিনির্ভরতা কমানো হবে। একই সঙ্গে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের কৃষকদের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ অঞ্চলের কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী। আম উৎপাদনের পাশাপাশি ধান ও সবজি চাষেও তাঁরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।

আমবাগানের গাছের মধ্যবর্তী অব্যবহৃত জমিতে আদা চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানের ফাঁকা জায়গায় আদা চাষ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে, পাশাপাশি কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে। এ জন্য জমির মাটির উপযোগিতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদীর পানি সেচকাজে ব্যবহারের উদ্যোগ সম্প্রসারণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে একটি বড় প্রকল্প তাঁর কাছে এসেছে। প্রকল্পটি অনুমোদনের পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, আমের সংরক্ষণকাল বাড়ানো গেলে মৌসুমে দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়া ঠেকানো সম্ভব হবে। এতে কৃষকেরা তাঁদের উৎপাদিত আমের ন্যায্যমূল্য পাবেন।

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অগ্রগতির কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আদা, রসুন ও বর্ষাকালীন টমেটোর উৎপাদন বাড়াতেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী মৌসুম থেকে বর্ষাকালীন টমেটো চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।

কৃষিপণ্য আমদানির পরিবর্তে বাংলাদেশকে রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

সফরকালে কৃষিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গায় রোপা আমন ধান কাটার উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএমডিএর প্রতিনিধি এবং কৃষকেরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!