জাতীয়

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা বড় চ্যালেঞ্জ: শামা ওবায়েদ

আপডেট: নভে ০৯, ২০২৬ : ০৫:৪৩ এএম ৮ ০
রোহিঙ্গা সংকট আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা বড় চ্যালেঞ্জ: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও ধারাবাহিক সম্পৃক্ততা প্রয়োজন।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রোহিঙ্গা সংকটের সমাধানের একটি টেকসই দৃষ্টিভঙ্গি: জাতীয় কৌশল ও বাহ্যিক অবদানের রূপরেখা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে নীতি গবেষণা কেন্দ্র।

শামা ওবায়েদ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রোহিঙ্গা ইস্যুটিকে প্রাসঙ্গিক রাখতে হবে, আর এটিকে প্রাসঙ্গিক রাখাটাই একটি বড় চ্যালেঞ্জ।’

রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য নিরাপত্তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সংকটের সমাধানে অর্থপূর্ণ আন্তর্জাতিক সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ভেতরে অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সঙ্গে কার্যকরভাবে সম্পৃক্ত করতে বাংলাদেশকে কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সব সময় রোহিঙ্গা সংকটের বিষয়ে সোচ্চার রয়েছে। তবে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে। রোহিঙ্গাদের ন্যূনতম মানবিক মর্যাদা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

দীর্ঘদিনের এ সংকট মোকাবিলায় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শামা ওবায়েদ।

সংলাপে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীর উপস্থিতির কারণে স্থানীয় জনগোষ্ঠী ও দেশের অর্থনীতির ওপর চাপ ক্রমেই বাড়ছে।

সংলাপের উদ্দেশ্য ছিল নীতিনির্ধারক, রাজনৈতিক নেতা, কূটনীতিক, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে সংকটের টেকসই সমাধান নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করা।

আলোচনায় একটি জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়ন, রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা, কূটনৈতিক তৎপরতা জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধানে ধারাবাহিক নীতিগত উদ্যোগ এবং সংকটের সমাধান প্রক্রিয়ায় রোহিঙ্গা সম্প্রদায়ের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!