জাতীয়

২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ১ হাজার ইউপিতে নির্বাচন

আপডেট: নভে ০৯, ২০২৬ : ০৫:৫০ এএম ৮ ০
২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ১ হাজার ইউপিতে নির্বাচন

আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের প্রায় ১ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৭ মের মধ্যে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, প্রথম ধাপে প্রায় ১ হাজার (৫০টি কম-বেশি) ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে এপ্রিলের শেষ দিকে এবং চতুর্থ ও পঞ্চম ধাপে মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

গত ১২ অক্টোবর নির্বাচন কমিশনের সভায় পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসি সচিব জানান, রমজান ও এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচনের ধাপগুলো সাজানো হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে রমজান শুরু হতে পারে। রমজানের পরপরই এসএসসি পরীক্ষা থাকায় নির্বাচনের বিভিন্ন ধাপের মধ্যে বিরতি রাখা হয়েছে।

তিনি বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে এবং যেগুলো নির্বাচনের সময়সীমার আওতায় এসেছে, সেগুলোকে ভোটের উপযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইন অনুযায়ী, একটি নির্বাচন থেকে পরবর্তী নির্বাচনের পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই সংশ্লিষ্ট ইউনিয়ন নির্বাচনের সময়সূচির আওতায় আসে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথম ধাপের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।

প্রথম ও দ্বিতীয় ধাপের তালিকা বৃহস্পতিবার

আখতার আহমেদ বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপে অধিকাংশ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপগুলোতে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ এবং নির্বাচনের সময়সীমার আওতায় আসা ইউনিয়নের সংখ্যা বাড়বে।

কোনো উপজেলার সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা সেগুলো নির্বাচনের সময়সীমার আওতায় এলে ওই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কিছু ইউনিয়নে মামলা থাকায় আপাতত নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। কোনো মামলার বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকলে সেসব ইউনিয়নও নির্বাচনের আওতায় আসতে পারে। এ কারণে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সব তথ্য পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে।

ইসি সচিব আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনের তালিকা চূড়ান্ত করা সম্ভব হবে।

ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি

নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামের মজুত যাচাই করা হয়েছে। বর্তমানে নতুন করে এসব সরঞ্জাম কেনার প্রয়োজন নেই। তবে ব্যবহারের সময় কোনো সরঞ্জাম নষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে সেগুলো নতুন করে কেনা হবে।

তিনি জানান, নির্বাচনের তারিখ চূড়ান্ত করার পাশাপাশি ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য—এই তিন পদের জন্য তিন ধরনের ব্যালট পেপার ছাপানো হবে। এ বিষয়ে বিজি প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে।

নির্বাচনের সময়সূচি নির্ধারণে আবহাওয়া, বিশেষ করে উপকূলীয় এলাকার পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মে মাসের মধ্যে নির্বাচন শেষ করার লক্ষ্য

গত ১২ অক্টোবর নির্বাচন কমিশনের সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ২৭ মের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি বলেন, দেশে আনুমানিক ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হয়েছে। আইন অনুযায়ী, এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!