দেশে গত অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে আসায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আজ সোমবার প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৮০ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, যা অক্টোবরে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে।
এদিকে অক্টোবরে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হারও কমেছে। সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে।
খাদ্য মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা
বিবিএসের তথ্য অনুযায়ী, টানা তিন মাস ৯ শতাংশের বেশি থাকার পর গত জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমে আসে। সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবরে আবার নিম্নমুখী হয়েছে সার্বিক মূল্যস্ফীতি।
খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে আসাকে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির বিষয় হিসেবে দেখা হচ্ছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপ এখনো রয়েছে। সার্বিক মূল্যস্ফীতি কমার প্রবণতা অর্থনীতির জন্য ইতিবাচক। তবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে খাদ্যবহির্ভূত পণ্যের দাম এবং মজুরি বৃদ্ধির হারের বিষয়েও নজর দেওয়া প্রয়োজন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!