জাতীয়

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ

আপডেট: নভে ১০, ২০২৬ : ০৫:২৯ এএম ৮ ০
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ

দেশের সামাজিক ও পল্লি অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ অর্থে দুটি প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্প দুটি হলো সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)।

গত ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর আওতায় দেশের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে।

ইউনিয়ন ও ওয়ার্ডে ৩০ লাখ টাকা করে বরাদ্দ

সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। দেশের সব এলাকা, সিটি করপোরেশনসহ, এ প্রকল্পের আওতায় থাকবে।

প্রকল্পের আওতায় প্রায় ৫৩ হাজার স্কিম বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।

এ অর্থে মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, প্যাগোডা, গুরুদুয়ারা, শ্মশান ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। স্থানীয় পর্যায়ে এসব প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়ানোই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

প্রকল্প ব্রিফ অনুযায়ী, গত ৪ নভেম্বর একনেকের অনুমোদনের পর সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় এসব অর্থ ব্যয় করা যাবে।

প্রতি সংসদীয় আসনে ১০ কোটি টাকা

অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ অর্থে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে। প্রকল্পের আওতায় ১৫৭ দশমিক ২৫ কিলোমিটার উপজেলা সড়ক, ৮৩৩ দশমিক ৯০ কিলোমিটার ইউনিয়ন সড়ক এবং ৭ হাজার ৯৮৪ দশমিক ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ৮৯৬ দশমিক ১৬ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ, ১২ হাজার ৭৪ দশমিক ১৪ মিটার গ্রামীণ সড়কে অবকাঠামো নির্মাণ এবং ৮০টি হাটবাজারের উন্নয়ন করা হবে। পাশাপাশি ৩ হাজার কিলোমিটার সড়কে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

আগেও বেড়েছে প্রকল্পের মেয়াদ

পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি ২০২০ সালের জুনে অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। ওই বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ছিল বাস্তবায়নের সময়সীমা।

প্রথম সংশোধনে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা করা হয়। একই সঙ্গে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। দ্বিতীয় সংশোধনে ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করে কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমানো এবং বাজারজাত সহজ করা। পাশাপাশি পল্লি অঞ্চলের মানুষের মাথাপিছু আয় বাড়ানো, প্রত্যন্ত গ্রামকে নিকটবর্তী গ্রোথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা ও জেলা সদরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা বাড়বে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে এসব উদ্যোগ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!