জাতীয়

প্রকৃতির মাঝে প্রভা, ঘুরতে গেলেন শ্রীলঙ্কার নাইন আর্চ ব্রিজে

আপডেট: নভে ১০, ২০২৬ : ০৫:৩৫ এএম ৮ ০
প্রকৃতির মাঝে প্রভা, ঘুরতে গেলেন শ্রীলঙ্কার নাইন আর্চ ব্রিজে

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবে ভ্রমণে বেশ সক্রিয় এই অভিনেত্রী। কখনো পরিবার ও বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। এবার শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটাচ্ছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে কালো পোশাক ও সানগ্লাসে দেখা যায় তাঁকে। পেছনে পাহাড়ঘেরা ঐতিহাসিক এক সেতু। পোস্ট থেকেই জানা গেছে, ছবিগুলো শ্রীলঙ্কার বিখ্যাত নাইন আর্চ ব্রিজে তোলা।

শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত এই সেতু। প্রকৃতি ও স্থাপত্যের অপূর্ব সমন্বয়ের কারণে পর্যটকদের কাছে জায়গাটি বেশ জনপ্রিয়। প্রভাকে কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলতে দেখা গেছে।

একা ঘুরতেই স্বাচ্ছন্দ্য প্রভার

জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় বেড়াতে যান প্রভা। গত ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তা প্রকাশ করে জানান, একাই ঘুরতে গেছেন তিনি।

ভিডিওতে একা ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কিভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এরকম হয়। আর আমার বন্ধুগুলা একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তাছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’

ভ্রমণের প্রতি ভালোবাসা এবং নিজের মতো করে সময় কাটানোর অভিজ্ঞতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন প্রভা। এবার শ্রীলঙ্কার নাইন আর্চ ব্রিজে তাঁর নতুন ছবিগুলোও ভক্তদের নজর কেড়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!