বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হাসপাতালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা।
রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন এবং মণিপাল হেলথ এন্টারপ্রাইজেসের গ্রুপ কনসালট্যান্ট জিথু জোসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় রিদম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভার্মা বলেন, ‘এ চুক্তি বাংলাদেশ ও ভারতের জনগণকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং স্বাস্থ্যসেবা ও যোগাযোগ খাতে দুই প্রতিবেশী দেশের সহযোগিতা আরও জোরদার করবে।’
মণিপাল হেলথ এন্টারপ্রাইজেসের গ্রুপ সিও কার্তিক রাজাগোপাল বলেন, ‘মণিপালে আমরা বিশ্বাস করি, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান একটি যৌথ দায়িত্ব, যা সীমান্তের গণ্ডি অতিক্রম করে।’
রিদম গ্রুপের পক্ষে আবির হোসেন বলেন, ‘এর মাধ্যমে নির্ভরযোগ্য দিকনির্দেশনা, সহজতর ভ্রমণ ব্যবস্থাপনা এবং ভারতের উন্নত চিকিৎসা সুবিধায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত হবে।’
রিদম গ্রুপের ভ্রমণ, এভিয়েশন ও লজিস্টিকস খাতে অভিজ্ঞতার সঙ্গে মণিপাল হাসপাতালের বিস্তৃত চিকিৎসা নেটওয়ার্কের সমন্বয়ে এ উদ্যোগ পরিচালিত হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির ৪৯টি হাসপাতাল, ১২ হাজার ৬০০টির বেশি শয্যা এবং ১১ হাজারের বেশি চিকিৎসক রয়েছেন।
রোগীরা ভিসা সহায়তা, আবাসন ব্যবস্থা এবং এয়ারলাইন অংশীদারিত্বের মাধ্যমে বিশেষ বিমান ভাড়াসহ সমন্বিত ভ্রমণ সুবিধাও পাবেন।
স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে একটি বহুমুখী হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও কাজ করবে দুই প্রতিষ্ঠান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!