চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান Xiaomi বাংলাদেশে প্রথমবারের মতো স্মার্ট লিভিং ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উন্মোচন করেছে। ‘স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ শিরোনামে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই পণ্যসমূহ আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানায়, স্মার্টফোনে নেতৃত্বের অবস্থান থেকে এখন তারা একটি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশে হোম ও লাইফস্টাইল ক্যাটাগরিতে তাদের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
বিশ্বব্যাপী স্মার্টফোন ও এআইওটি (AIoT) খাতে উদ্ভাবনের জন্য পরিচিত শাওমি বর্তমানে ১ বিলিয়নেরও বেশি সংযুক্ত ডিভাইস নিয়ে কনজ্যুমার AIoT বাজারে নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি, স্মার্টফোন বাজারে বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড হিসেবে অবস্থান করছে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালে শাওমি টিভি বৈশ্বিক শিপমেন্টেও শীর্ষ পাঁচে স্থান পায়।
বাংলাদেশে স্মার্ট হোম সেগমেন্টে প্রবেশের অংশ হিসেবে শাওমি বাজারে এনেছে মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার (১০.৫ কেজি), যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা। এই যন্ত্রের মাধ্যমে মাত্র ৫৯ মিনিটেই কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে, যা ব্যস্ত নগর জীবনের জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়া, শাওমি টিভি এস মিনি LED সিরিজে উন্নত কিউডি-মিনি LED প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এই সিরিজের ৯৮ ইঞ্চি টিভির দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি ২ লাখ ৪২ হাজার ৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা এবং ৬৫ ইঞ্চি ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। ৫৫ ইঞ্চি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লাখ ৯ হাজার টাকা।
একইসঙ্গে শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৫ বাজারে আনা হয়েছে, যাতে রয়েছে 4K UHD ডিসপ্লে ও গুগল টিভি সুবিধা। এই সিরিজের ৭৫ ইঞ্চির দাম ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি ৫২ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর পাশাপাশি শাওমি এয়ার ফ্রায়ার (৬ ও ৬.৫ লিটার), স্মার্ট এয়ার পিউরিফায়ার ৪ কম্প্যাক্ট ও লাইট, স্মার্ট ক্যামেরা (সি২০১ ও সি৩০১), আউটডোর স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট ট্যাগসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্যও বাজারে এনেছে।
অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির শক্তিশালী বৈশ্বিক অবস্থান রয়েছে। আমরা সেই মানের উদ্ভাবন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছি। বর্তমান গ্রাহকরা আলাদা ডিভাইস নয়, বরং সমন্বিত প্রযুক্তিনির্ভর সমাধান চান, যা তাদের দৈনন্দিন জীবনকে সহজ করে।”
তিনি আরও বলেন, “আমাদের ‘Human × Home × Car’ ভিশনের মাধ্যমে একটি সমন্বিত স্মার্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে আমরা বৈশ্বিক প্রযুক্তি অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি।”
No comments yet. Be the first to comment!