নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার বৃত্তি বেড়ে ২০০, শিক্ষার্থী-যুবকদের জন্য নতুন সুযোগের কথা জানাল রাশিয়ান হাউস

আপডেট: জুলা ০১, ২০২৬ : ০৬:২৪ এএম ১৩
রাশিয়ার বৃত্তি বেড়ে ২০০, শিক্ষার্থী-যুবকদের জন্য নতুন সুযোগের কথা জানাল রাশিয়ান হাউস

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যুব সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সুযোগের কথা তুলে ধরেছে রাশিয়ান হাউস ইন ঢাকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তির সংখ্যা ২০১৮ সালের ৬৫টি থেকে বেড়ে ২০২৬ সালে ২০০টিতে উন্নীত হয়েছে।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত রাশিয়ান হাউসের অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাশিয়ার আন্তর্জাতিক শিক্ষা ও যুব কর্মসূচির অংশগ্রহণকারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় বলেন, দুই দেশের শিক্ষাগত সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। বৃত্তির সংখ্যা বাড়ানোর ফলে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে রাশিয়ান সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন রাশিয়ায় পড়াশোনা, আবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বর্তমানে মস্কোর রাশিয়ান ইউনিভার্সিটি অব ফ্রেন্ডশিপ অব পিপলস (RUDN University)-এ গ্লোবাল অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর করছেন।
অনুষ্ঠানে রাশিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক যুব কর্মসূচিগুলোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। আয়োজকেরা জানান, এসব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিনিময় কার্যক্রমে বিনা খরচে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এ সময় সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (SPIEF) ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নতুন পেশাগত জ্ঞান অর্জনের পাশাপাশি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির সুযোগ সৃষ্টি করে।
সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল, ইস্টার্ন ইকোনমিক ফোরাম, নিউ জেনারেশন প্রোগ্রাম এবং ‘চিলড্রেন ফর পিস’সহ বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়। জানানো হয়, প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে এ বছর বাংলাদেশের ছয়জন শিক্ষার্থী ‘চিলড্রেন ফর পিস’ কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও শান্তিবিষয়ক কার্যক্রমে যুক্ত হয়েছে।
সাংবাদিকদের জন্য ইন্টাররাশিয়া ফেলোশিপ প্রোগ্রাম এবং ওপেন ডায়ালগ উদ্যোগ সম্পর্কেও আলোচনা করা হয়। এ উপলক্ষে ইন্টাররাশিয়া ফেলোশিপের জন্য নির্বাচিত বাংলাদেশি অংশগ্রহণকারী জিন্নাত আরা জাসোয়াকে অভিনন্দন জানানো হয়।
রোসআটমের আন্তর্জাতিক প্রকল্প ‘আইসব্রেকার অব নলেজ’ নিয়েও তথ্য তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, ২০২৫ ও ২০২৬—উভয় বছরেই বাংলাদেশ থেকে একজন করে বিজয়ী রাশিয়ার পারমাণবিক আইসব্রেকার ‘৫০ লেট পোবেদি’-তে চড়ে উত্তর মেরুতে বৈজ্ঞানিক অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের বিষয়টিও তুলে ধরা হয়। বিশেষ করে ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ২০২৬-এ টিম বাংলাদেশের প্রজেক্ট রাউন্ডে বিজয়ী হওয়া এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসিন মোহাম্মদের ব্রোঞ্জ পদক অর্জনের কথা উল্লেখ করা হয়।
তাসিন মোহাম্মদ বলেন, আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ তাঁকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণা পরিবেশ সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করার কথাও জানান তিনি।
রুশ ভাষা শিক্ষা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। আলেকজান্দ্রা খ্লেভনয় জানান, আগামী আগস্টে রাশিয়া থেকে ভাষাবিশেষজ্ঞরা বাংলাদেশে এসে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে রুশ ভাষার কোর্স পরিচালনা করবেন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির অংশ হিসেবে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা, চলচ্চিত্র উৎসব, শিল্প প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান এবং যুব বিনিময় কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের অ্যাটাশে ও প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা ‘রাশিয়ার জনগণের ঐক্যের বছর’ শীর্ষক একটি উপস্থাপনা দেন। তিনি রাশিয়ার বহুজাতিক সমাজ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন।
পরে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মুক্ত আলোচনায় রাশিয়ার শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!