নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের পরিবহন ভাড়া মওকুফ করল পবিপ্রবি

আপডেট: জুলা ১৫, ২০২৬ : ০৩:৩৮ পিএম ২৯
শিক্ষার্থীদের পরিবহন ভাড়া মওকুফ করল পবিপ্রবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) শিক্ষার্থীদের বাস ভাড়া সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) পরিবহন কর্মকর্তা মো: আব্দুর রহিমের স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উদ্যোগের ফলে এখন থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে পটুয়াখালী এবং বরিশাল যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের বাস ভাড়া প্রদান করতে হবেনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে পটুয়াখালী ও বরিশাল যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদাণ করতে হত। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে এ ভাড়া মওকুফের দাবি জানালেও বিগত কোনো প্রশাসনই এ বিষয়ে কোন কার্যকর উদ্যোগ নেয়নি। গত জুনে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় স্বপ্রণোদিত হয় শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেয়। পরিবহন শাখার তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ অপচয় হ্রাস এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সাশ্রয় হওয়া অর্থ দিয়ে শিক্ষার্থীদের বাসের ব্যয় সমন্বয় করা হয়েছে।

বাস সেবাকে সুশৃঙ্খল রাখতে জারিকৃত অফিস আদেশে কিছু নির্দিষ্ট শর্ত ও নীতিমালাও যুক্ত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যমান পরিবহন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে পূর্বে নির্ধারিত রুট ও সময়সূচির অতিরিক্ত কোনো যানবাহন সরবরাহ করা সম্ভব হবে না। নিয়ম শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বরাদ্দকৃত নিজ নিজ নির্ধারিত বাসেই যাতায়াত সম্পন্ন করতে হবে। এছাড়া, এই নিয়মিত বাস ভাড়া মওকুফের সুবিধাটি শুধুমাত্র সাধারণ যাতায়াতের জন্যই প্রযোজ্য হবে; শিক্ষা সফর (স্টাডি ট্যুর), মাঠ পরিদর্শনের মতো অন্যান্য বিশেষ বা প্রাতিষ্ঠানিক বহিরাঙ্গন কার্যক্রমের ক্ষেত্রে এই আদেশটি কার্যকর বলে বিবেচিত হবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমাদের কাছে শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে তাদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা যায় এবং আরও বেশি সুযোগ-সুবিধ প্রদান করা যায় সে বিষয়ে আমরা সর্বদা সচেষ্ট। আমরা শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে তাদের শিক্ষাজীবন সহজ ও নির্ঝঞ্ঝাট হবে এবং তারা পড়ালেখা ও গবেষণা কার্যে পরিপূর্ণভাবে মনোযোগী হতে পারবে। এরই অংশ হিসেবে আবাসন সুবিধা বৃদ্ধি, পরিবহন ফী মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টা শীঘ্রই আমরা বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধগুলো কাটিয়ে উঠে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতে সক্ষম হব।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!