নিজস্ব প্রতিবেদক

উপজেলা-জেলায় পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার দাবি BDS উইংয়ের

আপডেট: জুলা ২৯, ২০২৬ : ০৯:৪৭ এএম ৫১
উপজেলা-জেলায় পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার দাবি BDS উইংয়ের

মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দ্রুত বাস্তবায়ন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ অনুযায়ী অবৈধ ডেন্টাল প্র্যাকটিস বন্ধ এবং দেশের প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে Doctors' Movement for Justice - BDS Wing।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, দেশের জনগণের নিরাপদ, মানসম্মত, বিজ্ঞানভিত্তিক ও আইনসম্মত দন্তচিকিৎসা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের রায় এবং বিএমডিসি আইন যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৪ জুন ২০২৬ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সিভিল আপিল নং-৬০ অব ২০১৭ মামলার রায়ে পূর্ববর্তী হাইকোর্টের রিট পিটিশন নং-২৮১০ অব ২০১৬-এর রায় বাতিল করেছেন। এর ফলে আইনগত অবস্থান আরও স্পষ্ট হয়েছে যে, ডেন্টাল টেকনোলজিস্টদের ডেন্টাল সার্জনের মতো স্বাধীনভাবে ক্লিনিক্যাল ডেন্টাল চিকিৎসা পরিচালনার কোনো আইনগত অধিকার নেই।
বক্তারা জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর ধারা ২২, ২৮ ও ২৯ অনুযায়ী বিএমডিসিতে নিবন্ধিত ডেন্টাল সার্জন ছাড়া অন্য কেউ ডেন্টাল সার্জন বা ডেন্টিস্ট পরিচয়ে চিকিৎসা প্রদান কিংবা ডেন্টাল প্র্যাকটিস পরিচালনা করতে পারেন না। এ ধরনের কার্যক্রম আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
সংগঠনটির দাবি, ডেন্টাল টেকনোলজিস্টদের শিক্ষা ও পেশাগত দায়িত্ব মূলত ডেন্টাল ল্যাবভিত্তিক প্রযুক্তিগত কাজের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি নিজেদের ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জন পরিচয়ে অবৈধভাবে চেম্বার পরিচালনা ও রোগীদের চিকিৎসা দিচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং আইনের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারি পর্যায়ে পর্যাপ্ত ডেন্টাল চিকিৎসাসেবা না থাকায় সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার, প্রয়োজনীয় সংখ্যক BDS ডেন্টাল সার্জন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি বেআইনিভাবে ডেন্টাল চেম্বার পরিচালনা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন।
এ অবস্থায় সংগঠনটি সরকারের কাছে দুই দফা দাবি উত্থাপন করেছে। প্রথমত, আপিল বিভাগের রায় দ্রুত বাস্তবায়ন এবং বিএমডিসি আইন-২০১০ অনুযায়ী সারাদেশে পরিচালিত অবৈধ ডেন্টাল চেম্বারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমডিসির পক্ষ থেকে পরিপত্র জারি, সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেন্টাল চেম্বার স্থাপনে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।
দ্বিতীয়ত, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে একটি করে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার স্থাপনের দাবি জানানো হয়। এসব কেন্দ্রে ন্যূনতম পাঁচজন BDS ডেন্টাল সার্জন, বিভিন্ন বিশেষায়িত শাখার অন্তত পাঁচজন কনসালটেন্ট ডেন্টাল সার্জন, প্রয়োজনীয় জনবল, আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের রায়ের যথাযথ বাস্তবায়ন, বিএমডিসি আইন-২০১০-এর কার্যকর প্রয়োগ এবং সরকারি ডেন্টাল সেবার সম্প্রসারণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ নিরাপদ ও মানসম্মত দন্তচিকিৎসা সেবা পাবেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!