বগুড়ার ১৩টি উপজেলায় একটি করে মোট ১৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি জেলার ১১৫টি ইউনিয়নে সরকারি উদ্যোগে খেলার মাঠ প্রস্তুত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বগুড়া শহরের তিনমাথা রেলস্টেশনের পাশে প্রায় ৬০ বিঘা জমিতে ১২০ কোটি টাকা ব্যয়ে ‘আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, কাজী রফিকুল ইসলাম ও সুরাইয়া জেরিন বক্তব্য দেন। এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ বগুড়ার ১৩টি উপজেলা ও নবসৃষ্ট সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সারিয়াকান্দি উপজেলা দল ও দুপচাঁচিয়া উপজেলা দল মুখোমুখি হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।
বগুড়ায় ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে মিনি স্টেডিয়াম, ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ এবং প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!